রাজধানীতে পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-পল্লবী এলাকায় উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট ভবন থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ওই মার্কেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পল্লবী থানা পুলিশ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত হন।
পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থলটি মিরপুর-১০ এলাকায় প্যারিস রোড সংলগ্ন উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট ভবন। ভবনটির নিচতলা থেকে উদ্ধার করা মরদেহটির বয়স আনুমানিক ৪০ বছরের বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে ছিল জিন্স প্যান্ট ও শার্ট। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মাথাটি উপুর হয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আলমগীর জাহান রাত সোয়া ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে নিহতের নাম সুমন বলে ধারণা করা হচ্ছে। তিনি বরিশালের মুলাদি থানার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, সুমন গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি মিরপুর এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে মেকানিক হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: কুমিল্লায় বিরোধ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, ২ নিহত
ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি ফরেনসিক দল আলামত সংগ্রহসহ আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করেছে। ওসি আলমগীর জাহান আরও জানান, তিনি থানার দায়িত্ব নেওয়ার পর পূর্ববর্তী নথি পর্যালোচনা করে জানতে পেরেছেন যে, ওই পরিত্যক্ত উত্তর সিটি করপোরেশন মার্কেটে এর আগেও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, পল্লবী থানার এসআই তোহাকুল ইসলাম জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় জখমের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। সেনাবাহিনীসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ ও সিআইডি যৌথভাবে তদন্ত অব্যাহত রেখেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








