News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৮, ১১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:০৩, ১১ জানুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে আসা গোলায় প্রাণ হারাল বাংলাদেশি শিশু

মিয়ানমার থেকে আসা গোলায় প্রাণ হারাল বাংলাদেশি শিশু

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির সময় এপারে ছিটকে আসা গোলার আঘাতে আফনান (৭) নামে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আফনান ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘটনার প্রেক্ষাপট ও প্রত্যক্ষদর্শীর বিবরণ স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রবিবার ভোরের আলো ফোটার পর থেকেই টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত শুরু হয়। দুই পক্ষের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী চলে এই বন্দুকযুদ্ধ। সকালের দিকে গোলাগুলি কিছুটা স্তিমিত হলেও ৯টার দিকে তা পুনরায় তীব্র আকার ধারণ করে।

আরও পড়ুন: ওমানে বাংলাদেশি এক পরিবারের ৩ জনের মৃত্যু

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র জানান, সংঘাতের এক পর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পিছু হটে সীমান্তের শূন্যরেখার দিকে অবস্থান নেয়। এসময় উভয় পক্ষের ছোড়া গোলাগুলির মধ্যে একটি গুলি বা গোলার অংশ সীমান্তের বাংলাদেশি ভূখণ্ডে জনৈক জসিম উদ্দিনের বসতঘরে এসে আঘাত হানে। এতে ঘরে থাকা শিশু আফনান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ঘটনাস্থলে উত্তেজনা ও প্রশাসনের ভূমিকা সীমান্তে অনাকাঙ্ক্ষিত এই প্রাণহানির ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি, র‍্যাব এবং এপিবিএন সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। তবে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা প্রদান করায় পরিস্থিতি জটিল রূপ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত শিশুর মরদেহ তার নিজ বাড়িতেই ছিল এবং সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

সীমান্তের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। বিজিবি ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়