News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১২, ৬ জানুয়ারি ২০২৬

মোহাম্মদপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী রিয়াজ গ্রেফতার

মোহাম্মদপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী রিয়াজ গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলজিয়ামের তৈরি একটি বিদেশি পিস্তলসহ মো. রিয়াজ (৩৫) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

সোমবার (০৫ জানুয়ারি) রাতে পরিচালিত এই অভিযানের বিষয়টি মঙ্গলবার সকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মোহাম্মদপুরের বাসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রায়েরবাজার এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে রিয়াজকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার হেফাজতে একটি বিদেশি পিস্তল থাকার কথা স্বীকার করেন। 

আরও পড়ুন: মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল বাসিলার একটি রিকশা গ্যারেজে অভিযান চালায় এবং সেখান থেকে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি বেলজিয়ামে তৈরি বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী।

অভিযান সংশ্লিষ্ট ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মূল অভিযুক্তকে গ্রেফতারের পর তার সহযোগীদের ধরতে ওই রাতেই একাধিক স্থানে অনুসরণমূলক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সহযোগীরা পালিয়ে যাওয়ায় সেখান থেকে আর কাউকে আটক করা সম্ভব হয়নি।

সেনা কর্মকর্তারা আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত রিয়াজের কাছ থেকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বর্তমানে নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে তার পলাতক সহযোগীদের গ্রেফতারে পরবর্তী অভিযানগুলো পরিচালনা করা হবে। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত বিদেশি অস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়