News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৩, ৫ জানুয়ারি ২০২৬

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিং এলাকায় একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। 

রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ‘নিউ রানা জুয়েলার্স’ নামের দোকানে হানা দিয়ে চোর চক্র প্রায় ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপাসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চক্র মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো দোকান সাফ করে একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টা ২১ মিনিটের দিকে চোর চক্রের সদস্যরা দোকানের শাটার খুলে ভেতরে প্রবেশ করে। তাদের পরনে ছিল হুডি ও জ্যাকেট এবং মুখমণ্ডল ঢাকা ছিল মাঙ্কি টুপি ও মাস্ক দিয়ে। ভেতরে ঢুকে তারা থাই গ্লাস ভেঙে জুয়েলারি বক্স এবং মূল সিন্দুকটি বের করে নিয়ে আসে। 

দোকানের মালিক মাসুদ রানার দাবি, চোরেরা কেবল অলঙ্কারই নেয়নি, বরং দোকানের সিন্দুক এবং স্বর্ণ কেনার রশিদও সাথে করে নিয়ে গেছে। পরে একটি পিকআপ ভ্যানে সিন্দুকটি তুলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: পাবনায় রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

দোকানের মালিক মাসুদ রানা জানান, প্রতিদিনের মতো রাত ১১টায় দোকান বন্ধ করে তিনি বাসায় গিয়েছিলেন। সোমবার সকাল ১০টায় দোকান খুলতে এসে দেখেন কেঁচি গেট ও শাটারের তালা ভাঙা। 

তিনি বলেন, দোকানে আমার নিজস্ব ৫০ ভরি স্বর্ণ এবং বন্ধকি ২০ ভরি স্বর্ণ ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ টাকা খোয়া গেছে। চুরি হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং রুপার মূল্য প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ ভরি স্বর্ণ ও ৫০০ ভরি রুপার কথা জানানো হলেও মালিক পক্ষ পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন। অপরাধীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান শুরু হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়