News Bangladesh

মানিকগঞ্জ সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ১৯ জানুয়ারি ২০২৬

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিঙ্গাইরে গরুচোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন মজনু মিয়া (৩৫) ও দ্বীন ইসলাম (২৩)। মজনু উপজেলার দশানি গ্রামের তোতা মিয়ার এবং দ্বীন ইসলাম ছয়ানি গ্রামের বান্দু মিয়ার ছেলে।

গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ইমাননগর গ্রামে গণপিটুনির শিকার হন তারা। 

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত ২টার দিকে ইমাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে মজনু ও দ্বীন ইসলামকে দেখতে পান বাড়ির লোকজন। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে তাদের আটকে গরুচোর সন্দেহে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হন তারা।

আরও পড়ুন: ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে ৯ জন আহত, এলাকায় আতঙ্ক

খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ছয়টার দিকে দুজনের মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গরুচোর সন্দেহে ওই দুই যুবককে গণপিটুনি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে সিঙ্গাইর থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়