News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ১৬ জানুয়ারি ২০২৬

এবার রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

এবার রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। উত্তরার একটি আবাসিক ভবনে আগুনে একই পরিবারের তিনজনসহ ছয়জনের মর্মান্তিক মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে দুপুরে জিগাতলায় অপর একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এই অগ্নিকাণ্ডগুলো নিয়ন্ত্রণে কাজ করেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩৬ মিনিটে রাজধানীর জিগাতলার বেড়িবাঁধ সংলগ্ন একটি চারতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ভবনটির তৃতীয় তলায় আগুন লাগার সংবাদ পেয়ে হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্বাপণ কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হঠাৎ ভবনটিতে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবরও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন।

আরও পড়ুন: উত্তরায় ভবনে আগুন, নিহত বেড়ে ৬

এর আগে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ৬ তলা বিশিষ্ট ওই আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুনে দুই নারী ও এক শিশুসহ মোট ৬ জন প্রাণ হারান। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে এবং ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশেষে সকাল ১০টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠিয়েছেন। নিহতরা হলেন—কাজী ফজলে রাব্বী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭), আড়াই বছর বয়সী শিশু রিসান, হারেস (৫২), তাঁর ছেলে রাহাব (১৭) ও আফসানা (১৪ বছর বয়সী রোদেলা আক্তার নামেও একজন নিহতের তালিকায় রয়েছেন)।

একই দিনে রাজধানীর দুই প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে চরম ভীতি বিরাজ করছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উভয় ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়