কুড়িগ্রামে তাপমাত্রা নামল ১০.৫ ডিগ্রিতে, দুর্ভোগে মানুষ
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে তীব্র শীত ও ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকছে। গত কয়েক দিন ধরে আকাশে সূর্যের দেখা মিললেও তেমন কোনো উত্তাপ নেই। ফলে শীতের প্রকোপ আরও বেড়েছে।
এ অবস্থায় জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এদিকে ঘন কুয়াশা, তীব্র শীত ও উত্তরের হিমেল হাওয়ার কারণে বিপাকে পড়েছেন কৃষিশ্রমিক ও খেটে খাওয়া মানুষজন। কাজের সন্ধানে সকালে ঘর থেকে বের হতে না পারায় অনেকেই চরম ভোগান্তিতে পড়ছেন।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার খলিল মিয়া বলেন, “আমার ছেলের কয়েক দিন ধরে ডায়রিয়া হচ্ছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নিচ্ছি।”
কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার হোটেল শ্রমিক জাহিদ মিয়া বলেন, “সকালে ঠান্ডা এত বেশি থাকে যে ঘর থেকে বের হওয়া যায় না। কিন্তু কাজ না করলে তো সংসার চলে না।”
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে এসব রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে কুড়িগ্রামে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, এনজিও এবং ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: কাকরাইল মোড়ে চলন্ত মাইক্রোবাসে আগুন
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








