রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
ছবি: সংগৃহীত
রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবারের তুলনায় একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। ফলে চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আবহাওয়া অফিস জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সকালে তাদের ফেসবুক পেজে জানায়, আজও দেশের বড় একটি অংশ কুয়াশা বেল্টের মধ্যে রয়েছে। অনেক এলাকায় দুপুরের আগে সূর্যের দেখা মিলবে না।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দুপুরের আগেই সূর্যের দেখা মিলতে পারে। তবে বরিশাল, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় সারাদিন আকাশ কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি (৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক থেকে দুইটি মাঝারি থেকে তীব্র (৬–৮ ডিগ্রি থেকে ৪–৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে।
এ ছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা
পূর্বাভাসে আরও বলা হয়, জানুয়ারিতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কখনও কখনও এ কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








