রাজধানীতে তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা
ফাইল ছবি
শীত মৌসুম এলেই রাজধানীতে গ্যাস সংকট চরম আকার ধারণ করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসাবাড়িতে ঠিকমতো রান্না করা যাচ্ছে না। দিনের বেশিরভাগ সময় চুলায় পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
এদিকে, এলপিজি গ্যাসের সংকট ও দাম বৃদ্ধির কারণে আরও বেকায়দায় পড়েছেন রাজধানীর বাসিন্দারা। মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগনসহ বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। গ্যাস না থাকায় অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন, আবার কেউ কেউ বিকল্প উপায়ে রান্না চালানোর চেষ্টা করছেন।
গ্রাহকরা অভিযোগ করছেন, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও তারা গ্যাস পাচ্ছেন না। উপরন্তু, বাড়তি দামে এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। হঠাৎ করে সিলিন্ডারের সংকট ও লাগামছাড়া দামে অনেক পরিবার এখন বাইরে থেকে খাবার এনে খেতে বাধ্য হচ্ছে।
এদিকে, যানবাহনে গ্যাস নিতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সারি দেখা গেছে। চালকরা জানান, গ্যাসের চাপ কম থাকায় দুই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার পূর্ণ হচ্ছে না। এতে ডিউটির সময় বেড়ে যাচ্ছে এবং আয় কমে যাচ্ছে।
নগরবাসী চরম সংকটে পড়লেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী সাইদুল হাসান বলেন, “প্রায়োরিটি অনুযায়ী যেখানে প্রয়োজন সেখানে গ্যাস সরবরাহের পর আবাসিক এলাকায় দেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় প্রতিদিন ১৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও অবৈধ সংযোগের কারণে সংকট তৈরি হচ্ছে। সব বাড়িতে একসঙ্গে নজরদারি করা সম্ভব নয়; অবৈধ লাইন কাটা হলেও কয়েক দিনের মধ্যে আবার ব্যবহার শুরু হয়।”
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে সংকট নিরসনে যৌক্তিক দামে এলপিজি সরবরাহ বাড়ানো জরুরি। আইইইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, “প্রতিবছর জ্বালানির চাহিদা বাড়ছে। তাই সরবরাহ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে দক্ষ যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে হবে।”
আরও পড়ুন: মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
এদিকে, এলপিজি গ্যাসের দাম নিয়েও বাজারে চরম নৈরাজ্য চলছে। এর মধ্যেই গত রোববার (৪ জানুয়ারি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। যদিও সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে নগরবাসীকে অনেক ক্ষেত্রে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








