নওগাঁয় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে
ফাইল ছবি
উত্তরের জেলা নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কমে জেলাটি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই চারপাশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এর সঙ্গে হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুই দিন সূর্যের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবার তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।
ভ্যানচালক আলম মিয়া বলেন, “গত দুই দিন শীত একটু কম ছিল। কিন্তু আজ হঠাৎ করে শীত বেড়ে গেছে। যাত্রীও পাওয়া যাচ্ছে না। সকাল ১০টা বাজলেও কুয়াশার কারণে পাঁচ হাত দূরের কিছুই দেখা যাচ্ছে না।”
হাপানিয়া এলাকার বাসিন্দা স্বপন আহমেদ বলেন, “সন্ধ্যার পর থেকেই শীতের প্রকোপ বাড়তে শুরু করে। কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা কয়েক গুণ বেড়ে যায়। সন্ধ্যার পর থেকেই মানুষ গরম কাপড় পরে বাইরে বের হচ্ছে। ভোর থেকে এখনো চারপাশ কুয়াশায় আচ্ছন্ন।”
আরও পড়ুন: জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়ন বাতিল
বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় নওগাঁয় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে হিসেবে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীত আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








