News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১২:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

২৩ দিনে প্রবাসী আয় ২৫৬৭ মিলিয়ন ডলার

২৩ দিনে প্রবাসী আয় ২৫৬৭ মিলিয়ন ডলার

ফাইল ছবি

দেশের অর্থনীতির প্রাণশক্তি প্রবাসী আয়ে (রেমিট্যান্স) বইছে সুবাতাস। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ২ হাজার ৫৬৭ মিলিয়ন (২৫৬ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এই আয়ের প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। ২৩ ফেব্রুয়ারি একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ৮৯ মিলিয়ন ডলার। 

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নানামুখী উদ্যোগ ও বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রতি প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই ইতিবাচক প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই ২০২৫ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট প্রবাসী আয় হয়েছে ২১ হাজার ৯৯৯ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪ থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত) প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৮ হাজার ৩৮ মিলিয়ন ডলার। তথ্য অনুযায়ী, এ সময়ে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৯ শতাংশ।

আরও পড়ুন: ফেব্রুয়ারির ২২ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার

বিশ্লেষকরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রণোদনা ও বিভিন্ন উদ্যোগের ফলে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হচ্ছে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, প্রবাসীদের নিয়মিত ও বৈধ পথে টাকা প্রেরণের ক্ষেত্রে সরকারের প্রণোদনা ও প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বিভিন্ন প্রণোদনা, ডিজিটাল লেনদেন সুবিধা এবং ব্যাংকিং ব্যবস্থার সরলীকরণের মাধ্যমে প্রবাসী আয় আরও বেশি নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

চলতি অর্থবছরে প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা আশা করছেন, বছরের শেষপর্যন্ত প্রবাসী আয়ের এই প্রবণতা রিজার্ভ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ ও রেমিট্যান্স নির্ভর খাতেও উল্লেখযোগ্য অবদান রাখবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়