News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৯, ৩১ জানুয়ারি ২০২৬

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কয়েক মাস পরই শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার মিশন। এরই মধ্যে আর্জেন্টাইন ভক্তদের জন্য এসেছে নতুন সুখবর। আর্জেন্টিনার ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামকে বিশ্বমানের সুপার স্টেডিয়ামে রূপ দিতে বিশাল সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে ক্লাব রিভার প্লেট।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন রিভার প্লেটের প্রেসিডেন্ট স্তেফানো দি কার্লো। তিনি জানান, প্রকল্পটি সম্পন্ন হলে মনুমেন্তাল স্টেডিয়াম হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। এ কারণে দিনটিকে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি।

কার্লো জানান, সংস্কার প্রকল্পের অংশ হিসেবে পুরো গ্যালারির ওপর আধুনিক ছাদ নির্মাণ করা হবে। আর্জেন্টিনা জাতীয় দলের ঘরের মাঠ মনুমেন্তালের এই সংস্কার শেষ হলে ক্লাব পর্যায়ে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে।

সংস্কার শেষে স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা দাঁড়াবে ১ লাখ ৫ হাজারে। বর্তমানে ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে যুক্ত হবে আরও প্রায় ১৬ হাজার আসন। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ডলারেরও বেশি।

চলতি বছরের এপ্রিল থেকে নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। কাজ শেষ হতে সময় লাগবে আনুমানিক ৩৬ মাস।

চারবারের কোপা লিবার্তাদোরেস জয়ী রিভার প্লেট এই প্রকল্পে জার্মান একটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। ক্লাবটির আশা, আর্জেন্টিনা ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার আগেই মনুমেন্তালের সংস্কারকাজ সম্পন্ন হবে।

আরও পড়ুন: স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশ

এক বিবৃতিতে রিভার প্লেট জানায়, গত এক বছর ধরে তারা জার্মান প্রকৌশল প্রতিষ্ঠান শ্লাইখ বার্গারমান পার্টনার (এসবিপি)-এর সঙ্গে কাজ করছে। বৃহৎ স্টেডিয়ামের ছাদ নির্মাণে বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর একটি এসবিপি এর আগে রিয়াদ এয়ার মেট্রোপলিতানো, টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম, অ্যালিয়াঞ্জ অ্যারেনা, মারাকানা ও সান্তিয়াগো বার্নাব্যুসহ একাধিক আইকনিক প্রকল্পে কাজ করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়