স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছিল। এবার যেন সেই আনন্দেরই উদ্যাপন হলো মাঠের পারফরম্যান্সে। নেপালের কীর্তিপুরে স্কটল্যান্ড নারী দলকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টি-টুয়েন্টিতে রানের ব্যবধানে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ জয়।
গ্রুপ পর্বে চার জয় ও সুপার সিক্সে দুই জয় বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয় ম্যাচ জয়ের দুর্দান্ত রেকর্ড গড়ল নিগার সুলতানা জ্যোতির দল।
নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের শুরুতে দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস গড়েন ৬৭ রানের জুটি। ৩৯ রান করে দিলারা এবং ২২ রান করে জুয়াইরিয়া ফিরে গেলে পরপর আরও একটি উইকেট হারায় দল। তিন নম্বরে নামা শারমিন আক্তার সুপ্তা ১৫ রান করে আউট হন।
এরপর চতুর্থ উইকেটে বিধ্বংসী জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা ও সোবহানা মোস্তারি। নিগার মাত্র ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৬ রান করেন। সোবহানা ২৩ বলে ৪ চার ও ১ ছক্কায় খেলেন ঝড়ো ৪৭ রানের ইনিংস। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৯১ রান। এটি টি-টুয়েন্টিতে বাংলাদেশের যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে বাংলাদেশের বোলিং তোপে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা আক্তার। তার গতিময় বোলিংয়ের সঙ্গে স্বর্ণা আক্তারের নিয়ন্ত্রিত স্পেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশ মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০১ রানেই থামে স্কটল্যান্ড।
আরও পড়ুন: বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা
এর আগে টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৫৫ রান। দক্ষিণ এশিয়ান গেমসে সেই ম্যাচে মালদ্বীপকে মাত্র ৬ রানে অলআউট করে ২৪৯ রানের রেকর্ড জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০২৪ নারী এশিয়া কাপে ১৯১ রান তুলে মালয়েশিয়াকে ১১৪ রানে হারিয়েছিল টাইগ্রেসরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








