News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৭, ৩০ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

বাংলাদেশ ইস্যুতে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

ফাইল ছবি

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে মাঠের লড়াই ছাপিয়ে আলোচনায় এখন বাংলাদেশ-ভারত বিরোধ এবং পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। বিশেষ করে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া এবং তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি ক্রিকেটাঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের সঙ্গে মুখোমুখি হবে। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে এএফপিকে জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভারতের নিরাপত্তা ঝুঁকির বিষয় উল্লেখ করে বাংলাদেশ তাদের ম্যাচগুলো লঙ্কান মাটিতে স্থানান্তরের অনুরোধ করেছিল। তবে আইসিসি সেই অনুরোধ মানেনি এবং বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বিরোধের পুরো সময়জুড়ে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কা নীরব অবস্থান বজায় রেখেছিল। 

আরও পড়ুন: বিশ্বকাপ না খেলায় বড় টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

পরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়ে এএফপিকে বলেন, আঞ্চলিক বিরোধে শ্রীলঙ্কা জড়িয়ে পড়তে চায় না এবং ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে বন্ধুপ্রতিম হিসেবে বিবেচনা করছে। তবে অনুরোধ আসলে ভবিষ্যতে যেকোনো দেশের জন্যও তারা টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।

শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিকল্পনায় পুলিশ ও এলিট কমান্ডো ইউনিটসহ বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ দল মোতায়েন থাকবে, যা সকল অংশগ্রহণকারী দলের নিরাপত্তা নিশ্চিত করবে।

পিসিবি সভাপতি মহসিন নাকভির জানান, পাকিস্তানের বিশ্বকাপে অংশ নেওয়া বা না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারি মধ্যে। 

এ প্রসঙ্গে শ্রীলঙ্কা স্পষ্ট করেছে যে, তারা রাজনৈতিক বা আঞ্চলিক বিরোধে কখনো পক্ষপাতিত্ব করবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়