News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ২৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৪০, ২৮ জানুয়ারি ২০২৬

মাতাল অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

মাতাল অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেফতার

সাবেক ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিন। ছবি : সংগৃহীত

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেফতার করেছে গুজরাটের ভাদোদরা পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে ভাদোদরার আকোতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে আকোতা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে নিজের এমজি হেক্টর গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারান মার্টিন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিয়া সেল্টোস, হুন্ডাই ভেন্যু ও মারুতি সেলারিও এই তিনটি গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের দাবি, ঘটনার সময় ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন নেশাগ্রস্ত ছিলেন। এ অভিযোগে তাকে ‘ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং’ ও ‘র‌্যাশ ড্রাইভিং’ আইনে গ্রেফতার করা হয়েছে। তার ব্যবহৃত এমজি হেক্টর গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ওই রাতে বন্ধুর সঙ্গে মদ্যপানের পর তিনি গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন: অনিশ্চয়তায় বিশ্বকাপ: ভারতের বিকল্প হতে পারে আরব আমিরাত

জ্যাকব মার্টিন বরোদার ক্রিকেট ইতিহাসে পরিচিত মুখ। তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক ছিলেন এবং ঘরোয়া ক্রিকেটে একজন ধারাবাহিক ও প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় না খেললেও, ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচে অংশ নেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়