আইসিসি র্যাঙ্কিংয়ে টাইগ্রেসদের বড় লাফ, নিশ্চিত সুপার সিক্স
ফাইল ছবি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা চার ম্যাচ জিতে অপরাজিত থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের এই ধারাবাহিক সাফল্য ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রতিফলিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড তিন বিভাগেই বাংলাদেশি ক্রিকেটাররা উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
র্যাঙ্কিং আপডেটে সবচেয়ে বড় নজর কাড়েন ওপেনার শারমিন আক্তার সুপ্তা। বাছাইপর্বে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া অর্ধশতক হাঁকিয়ে তিনি ৪ ইনিংসে ১৫৬ রান সংগ্রহ করেন এবং বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই পারফরম্যান্সের ফলে টেস্টারদের তালিকায় শারমিন ২২ ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা অবস্থান ৩৫তম স্থানে উঠে এসেছেন।
শারমিনের সঙ্গে ওপেনিংয়ে দুর্দান্ত ব্যাটিং করে এগিয়ে এসেছেন দিলারা আক্তার। নামিবিয়ার বিপক্ষে ২৫ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করার পর তিনি ৩৩ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা একশের মধ্যে জায়গা করে নিয়েছেন এবং এখন যৌথভাবে ৭০তম স্থানে অবস্থান করছেন। মিডল অর্ডারে ঝড় তুলেছেন সোবহানা মোস্তারী; সর্বশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে উঠেছেন। এছাড়া স্বর্ণা আক্তারও ১৭ ধাপ উন্নতি করে ৮৩ নম্বরে অবস্থান করছেন। তবে দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি র্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়ে ২২তম স্থানে নেমে গেছেন।
আরও পড়ুন: বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি
বোলারদের তালিকায় বাংলাদেশের হয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন লেগ স্পিনার রাবেয়া খান। ২৭ জানুয়ারি প্রকাশিত র্যাঙ্কিংয়ে তিনি ১ ধাপ উন্নতি করে ১৪তম স্থানে অবস্থান করছেন। আরেক লেগি ফাহিমা খাতুন নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর ৬ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে উঠে এসেছেন। একই ম্যাচে চার উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা; তার ফলে তিনি ৬ ধাপ উন্নতি করে ৫৪তম স্থানে অবস্থান করছেন। এছাড়া সুলতানা খাতুন (৮১তম) ও ফারিহা ইসলাম তৃষ্ণা (৯৭তম) র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।
অলরাউন্ডারদের তালিকায় সবচেয়ে বড় লাফ দেখানো বাংলাদেশি ক্রিকেটার হলেন স্বর্ণা আক্তার। ১৮ ধাপ উন্নতি করে তিনি বর্তমানে বিশ্বের ৪৪তম অলরাউন্ডার। এই বিভাগে রিতু মনি ২৩ ধাপ উন্নতি করে ৮৭তম এবং সানজিদা আক্তার মেঘলা ১৪ ধাপ উন্নতি করে ৯৬তম স্থানে অবস্থান করছেন। রাবেয়া খান ও ফাহিমা খাতুন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যথাক্রমে ২৮ ও ৩৫ নম্বরে উঠে এসেছেন।
মাঠের এই ধারাবাহিক সাফল্যের ফলে টাইগ্রেস শিবিরে উচ্ছ্বাস বিরামহীন। নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে সুপার সিক্স পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে, যা বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টায় শুরু হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








