News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ২৭ জানুয়ারি ২০২৬

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না থাকায় দেশটির সাংবাদিকদের জন্য বিশ্বকাপ কাভারের অ্যাক্রিডিটেশন বাতিল করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। একই সঙ্গে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশি সাংবাদিকদের কাছে পাঠানো এক ই-মেইলে এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি। মেইলে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেওয়ায় দেশটির ক্রীড়া সাংবাদিকদের ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে টুর্নামেন্ট কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।

আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, শুধু অংশগ্রহণকারী দেশগুলোর সাংবাদিকরাই বিশ্বকাপ কাভারের স্বীকৃতিপত্র (অ্যাক্রিডিটেশন) পাবেন।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্যই নয়—বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

আগের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা আইসিসির নির্ধারিত ফরম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন।

বাংলাদেশ খেলুক বা না খেলুক বিশ্বকাপ কাভারের জন্য উল্লেখযোগ্যসংখ্যক সাংবাদিকের ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতিও ছিল।

উল্লেখ্য, ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে প্রতিটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশি সাংবাদিকদের উপস্থিতি ছিল নিয়মিত। এমনকি ১৯৯৯ সালের আগেও, যখন বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি, তখনও বিভিন্ন আসর কাভার করেছেন দেশটির সাংবাদিকরা।

আরও পড়ুন: বিশ্বকাপে অংশ নিয়ে তিন বিকল্প প্রতিবাদ ভাবছে পিসিবি

ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে আগ্রহ বরাবরই তুঙ্গে। এ কারণে প্রায় প্রতিটি মিডিয়া হাউজই বিশ্বকাপ কাভারের জন্য সাংবাদিক পাঠিয়ে থাকে। তবে এবার দল না থাকলেও আইসিসির এমন সিদ্ধান্ত সাংবাদিক মহলে ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়