আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–এর ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে।
সোমবার (২ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের নামে পরিচালিত সব ব্যক্তিগত অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন আসিফ মাহমুদ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত হন। তিনি ২০১৩ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের একজন ছিলেন।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ও তার নেতৃত্বে ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের ১০ ডিসেম্বর উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। সেই সময়ে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার গুঞ্জন ওঠলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। বরং এনসিপির মুখপাত্র হিসেবে দলটির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
এদিকে, সামনে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে আসিফ মাহমুদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো তিনি বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








