News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৭, ১৯ জানুয়ারি ২০২৬

রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ

ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব সৃষ্টি’র অভিযোগ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার।

গত শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি ও সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রুমিন ফারহানা প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে একটি জনসভা আয়োজন করেন এবং সেখানে বৃহৎ স্টেজ নির্মাণ করে রাজনৈতিক বক্তব্য দেন। জনসভা বন্ধ করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে তিনি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়