বিএনপির আরও দুই জনের প্রার্থিতা বাতিল
নির্বাচন কমিশন (ইসি) আরও দুই বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে।
রবিবার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিনে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে কুমিল্লা–১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া দ্বৈত নাগরিকত্বের কারণে, এবং চট্টগ্রাম–২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় বাতিল করা হয়েছে।
এর আগে শনিবার ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নও বাতিল করা হয়েছিল।
অপরদিকে স্বস্তির খবর এসেছে চট্টগ্রাম–৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর জন্য। তার মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর হওয়ায় প্রার্থিতা বহাল রয়েছে। এছাড়া টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নও আপিলের পর বহাল রাখা হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানিতে মোট ৬৫টি আবেদন চূড়ান্ত করা হয়। এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৬৪৫টি আপিল জমা পড়েছিল। শনিবার পর্যন্ত ৪১০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, ২০০টি আবেদন বাতিল ও ৩০টি স্থগিত রাখা হয়েছে।
আরও পড়ুন: ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, এবং ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








