News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২৬

তিন দাবিতে ইসি ভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

তিন দাবিতে ইসি ভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষপাতদুষ্ট আচরণ ও তিন দফা দাবিতে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী নির্বাচন ভবন ঘেরাও করে এই কর্মসূচি শুরু করেন।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ শেষ দিনে ক্রমিক নম্বর ৬১১ থেকে ৬৪৫ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এর আগে যেসব আপিলের রায় অপেক্ষমাণ ছিল, সেগুলোরও নিষ্পত্তি করা হবে। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকেল পর্যন্ত শুনানি চলার কথা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেষ দিনে প্রায় অর্ধশত আপিলের শুনানি হবে। গত আট দিনের শুনানিতে ৩৯৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অপরদিকে, রিটার্নিং কর্মকর্তা যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন—এমন চারজনের প্রার্থিতা আপিল শুনানিতে বাতিল করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। এতে তখন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৪২ জন। পরে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ৬৪৫ জন নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

এই আপিল শুনানি চলার মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের অভিযোগ তুলে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আরও পড়ুন: রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সাথে তারেক রহমান

রবিবার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

সরেজমিনে দেখা যায়, নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যারিকেড স্থাপন করেন। ব্যারিকেডের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং সেখানে বক্তব্য দেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট সংক্রান্ত একটি গুরুতর অনিয়মের বিষয় সামনে এসেছে। তার দাবি, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও প্রতিপত্তির মাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে এবং নির্বাচন কমিশনে দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রত্যক্ষ ইন্ধন ও মদদে এই ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমে তারা জানতে পেরেছেন যে কমিশন হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, তবে এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না।

ছাত্রদলের পক্ষ থেকে তিনটি নির্দিষ্ট ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। প্রথমত, পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

দ্বিতীয়ত, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করছে বলে অভিযোগ ছাত্রদলের।

তৃতীয় অভিযোগে বলা হয়, একটি বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন নজিরবিহীন ও বিতর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এদিকে দুপুর ১২টার দিকে শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। সে সময় ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছিলেন।

একদিকে যখন নির্বাচন কমিশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানির শেষ দিনের কার্যক্রম চলছে, অন্যদিকে তখন কমিশনের নিরপেক্ষতা ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন ভবনের সামনেই রাজপথে অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে ছাত্রদল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়