News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং বাহরাইন ও কাতারে এক জায়গায় অনেক পোস্টাল ব্যালটের খাম নিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার মধ্যে এ বৈঠক হচ্ছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

এর আগে দুপুর পৌনে ১টায় বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে পৌঁছে। এসময় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছিল। শুনানির বিরতির সময় দুপুর দেড়টায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সিইসির বৈঠক শুরু হয়।

আচরণবিধি প্রতিপালনে ইসির ভূমিকা এবং পোস্টাল ব্যালটের বিএনপির প্রতীকের অবস্থান নিয়ে ইতোমধ্যে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচনি আচরণবিধি ‘লঙ্ঘন করলেও’ নির্বাচন কমিশন ‘নির্লিপ্ত ও নিশ্চুপ’ রয়েছে।

ছাপানো পোস্টাল ব্যালটে তিনটি রাজনৈতিক দলের প্রতীক একেবারে প্রথম দিকে আর বিএনপির প্রতীক ভাঁজে স্থান পাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, “আপনারা বুঝবেন যে বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক। আমরা এটাকে খুবই অন্যায় এবং অনৈতিক মনে করি। আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন, এটা নির্বাচন কমিশনের সংশোধন করা উচিত এবং দরকার হলে আপনারা পুনরায় ছাপেন, এ ব্যাপারে যথেষ্ট সময় আছে।”

তার এ অভিযোগের পরদিনই সিইসির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি প্রতিনিধি দল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়