News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

পুরোনো কাঠামো ভাঙতেই স্বতন্ত্র লড়বেন তাসনিম জারা

পুরোনো কাঠামো ভাঙতেই স্বতন্ত্র লড়বেন তাসনিম জারা

ছবি: সংগৃহীত

পুরোনো ও জরাজীর্ণ রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই দলীয় পরিচয় ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন বলে জানিয়েছেন ডা. তাসনিম জারা। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে নাগরিক প্ল্যাটফর্ম, সংলাপ সহযোগী ও সিপিডি আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক খসড়া ইশতেহার উপস্থাপন সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সংলাপে দেশের বিদ্যমান প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে দেশে জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। প্রতিটি স্তরে এমন এক জটিলতা তৈরি করা হয়েছে যেখানে যে ব্যক্তি জবাবদিহি করবেন, তার নিয়োগকর্তাও একই পক্ষ। ফলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হচ্ছে। 

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যদি দুর্নীতিতে জড়ান, তবে তাদের জবাবদিহি নিশ্চিত করার মতো স্বাধীন কাঠামো দেশে নেই। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়ায় নির্বাহী বিভাগের সরাসরি প্রভাব থাকায় এসব প্রতিষ্ঠান কার্যত স্বাধীনভাবে কাজ করতে পারছে না।

আরও পড়ুন: ইসিতে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, বর্তমান সাংবিধানিক কাঠামোয় সংসদ সদস্যরা স্বাধীনভাবে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন না। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে পদ হারানোর ঝুঁকি থাকায় এমপিরা জনগণের পক্ষে সঠিক অবস্থান নিতে ব্যর্থ হচ্ছেন। 

জারা উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী ক্যাবিনেটের জবাবদিহি সংসদের কাছে থাকার কথা থাকলেও, এমপিরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারায় সংসদের সেই ভূমিকা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকছে। এতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাত-পা বাঁধা থাকছে।

কেন তিনি এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হলেন—সেই বিষয়টি স্পষ্ট করে ডা. তাসনিম জারা বলেন, জনগণ দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়; তারা পরিবর্তন চায়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 

তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে চলে আসা সংস্কারের আলোচনাগুলো শুধু টেবিলে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবে রূপ দেওয়া এবং যারা ক্ষমতায় থাকবে তাদের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে লড়ার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত বছরের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং নাগরিক অধিকার সুরক্ষায় স্বতন্ত্র প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়