দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের জন্য উদ্বেগজনক: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় রয়েছে তাতে তারা সন্তুষ্ট নন।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে এবং আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ হয়নি।” তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের সময় এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি এবং ভবিষ্যতেও ফেলবে না।”
আরও পড়ুন: দেশকে অস্থিতিশীল করতেই মুছাব্বির হত্যাকাণ্ড: মির্জা ফখরুল
এসময় তিনি আরও বলেন, “অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








