বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সমর্থিত ৬১ ইউপি সদস্য
ছবি: নিউজবাংলাদেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার আটটি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৬১ জন ইউনিয়ন পরিষদ সদস্য বিএনপিতে যোগদান করেছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী–কালীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
এ সময় নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে রোকন উদ্দিন বাবুলকে শুভেচ্ছা জানান এবং এক গুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
আরও পড়ুন: কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল
যোগদান অনুষ্ঠানে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি, যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত বোধ করছি। অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








