মৃত্যুর কারণে খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত
বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং চারজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মৃত্যুর কারণে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিল করা মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এসব তথ্য জানান।
তিনি জানান, বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ত্রুটির কারণে এই আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
অন্যদিকে, বগুড়া-৭ আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামী মনোনীত গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
আরও পড়ুন: আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল
পরদিন বুধবার বিকেল ৩টার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








