News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৫, ৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৩, ৩ জানুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।

একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।

ঢাকা-১৭ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম। গুলশান, বনানী ও বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান ভোটার হন।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার এবং বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী।

দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসন সব কটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দখলে ছিল। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত চারবার সংসদ সদস্য ছিলেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া।

২০০৮ সালে এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারামুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর দীর্ঘ বছর বিদেশে থাকায় তিনি ভোটার হননি।

আরও পড়ুন: তারেক রহমানের উপস্থিতিতে গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল

গত বছর জুলাইয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়া এবং গঠিত অন্তর্বর্তী সরকারের পর ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়