খালেদা জিয়ার আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমীর খসরুর
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "মৃত্যুঞ্জয়ী গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে। তিনি আজ আমাদের মাঝে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। কিন্তু তিনি রেখে গেছেন তাঁর কালজয়ী আদর্শ।"
শুক্রবার (০২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমীর খসরু বলেন, তিনি কেবল দেশের নেতা নন, বরং একজন মহাকাব্যিক ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ আজ তাঁর জন্য কাঁদছেন। তাঁর যে রাজনৈতিক দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা—তা আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে।
তিনি আরও যোগ করেন, সব ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে বেঁচে থাকার যে অনন্য ধারণা তিনি দিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁর আত্মার মাগফিরাতের জন্য আমি সবাইকে দোয়া করার অনুরোধ করছি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরে এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা বিরাজ করছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা অন্যের মতভেদের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি ভুলে গেছি। একটি সুন্দর রাষ্ট্র গঠনে একে অপরের প্রতি সম্মান থাকা অত্যন্ত জরুরি।
ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের ঘর পর্যন্ত পৌঁছায়, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিএনপির স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








