News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৭, ১৪ জানুয়ারি ২০২৬

‘ঢাকায় ভেসে আসি নাই, যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না’

‘ঢাকায় ভেসে আসি নাই, যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না’

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু প্রার্থীর উসকানিমূলক বক্তব্যে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। তবে এসব উসকানিতে বিএনপি কোনোভাবেই পা দেবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে নিজের নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, কোনো কোনো দলের প্রার্থী ও নেতা উদ্দেশ্যমূলকভাবে উসকানিমূলক কথাবার্তা বলছেন এবং নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে অন্য প্রার্থীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের উদ্দেশ্য একটাই—নির্বাচনী পরিবেশ অশান্ত করা এবং প্রতিপক্ষকে উত্তেজিত করা। তবে বিএনপি সেই ফাঁদে পা দেবে না।

ঢাকা-৮ আসনের পরিস্থিতি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই আসনে কেউ যদি মব বা উচ্ছৃঙ্খল জনতা তৈরি করার চেষ্টা করে, তাহলে জনগণ তা মেনে নেবে না। 

তিনি প্রশ্ন তুলে বলেন, আমি অপরাধ করেছি নির্বাচনে দাঁড়িয়ে? 

নির্বাচনে অংশগ্রহণ করা কোনো অপরাধ নয় উল্লেখ করে তিনি বলেন, তিনি আজ প্রথমবার নির্বাচনে দাঁড়াননি; এর আগেও পাঁচ-ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অতীতেও নানা ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোকে তিনি কখনো বড় কোনো বিষয় হিসেবে নেননি।

প্রতিপক্ষ প্রার্থীদের সমালোচনার জবাবে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দুর্বল প্রার্থীরা সবসময়ই সবল প্রার্থীদের বিরুদ্ধে কথা বলে। এসব বক্তব্যকে তিনি আমলে নিচ্ছেন না। 

তবে তিনি হুঁশিয়ার করে বলেন, ঢাকা শহরে তিনি ভেসে আসেননি। 

আরও পড়ুন: ‘দেশবিরোধী শক্তির নির্বাচন বানচালের চক্রান্তে পা দেবে না বিএনপি’

তিনি বলেন, আমি আল্লাহর রহমতে ঢাকায় ভেসে আসি নাই। যা ইচ্ছা তাই করে ফেলবে—তা সম্ভব না। চেষ্টা করতে পারে, কিন্তু তার দায়-দায়িত্ব সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।

নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস ব্যালট পেপার সম্পর্কেও অসংগতির অভিযোগ তোলেন। 

তিনি বলেন, ব্যালট পেপারে যা দেখা যাচ্ছে, তা উদ্দেশ্যমূলক বলেই মনে হচ্ছে। এ বিষয়ে দ্রুত সংশোধনের জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

একই সঙ্গে তিনি জানান, বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রচারণায় যাচ্ছে না। বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার মধ্য দিয়েই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী ইচ্ছাকৃতভাবে এমন উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং আচরণবিধি লঙ্ঘনের পরিবেশ তৈরি হয়। তারা চান পরিস্থিতি আরও খারাপ হোক।

নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো ধরনের উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। ভোটারদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতিও একই আহ্বান জানান তিনি। 

তার ভাষায়, বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্ত, এবং তারা কোনো প্ররোচনায় পা দেবে না।

তবে উসকানিমূলক বক্তব্য ও আচরণ নিয়ে নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, কমিশনের উচিত এসব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

সবশেষে তিনি বলেন, বিএনপি চায় একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন। সে লক্ষ্যেই দল শান্ত থাকার নীতিতে অটল থাকবে এবং কোনো ধরনের উসকানিতে প্রতিক্রিয়া দেখাবে না।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়