রিকশা-ভ্যান-অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
রিকশা, ভ্যান ও অটোচালকদের কষ্টের কথা শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি চালকদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পরিবার-পরিজনের খোঁজখবর নেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে চালকরা নিজেদের দুঃখ, দুর্দশা ও নানা ধরনের হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন।
চালকদের কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। নগরবাসীকে সেবা দিতে অমানুষিক পরিশ্রমের জন্য তিনি রিকশাচালকদের ধন্যবাদ জানান। পাশাপাশি শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।
এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির বিভিন্ন কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সরকারি বিভিন্ন সুবিধা সরাসরি অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।
আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান
এ ছাড়া দেশ ও মানুষকে কেন্দ্র করে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরে আসন্ন নির্বাচনে চালকসহ সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








