News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৭, ১৩ জানুয়ারি ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধর্মভিত্তিক প্রচারণার সমালোচনা

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধর্মভিত্তিক প্রচারণার সমালোচনা

ছবি: সংগৃহীত

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে যারা ভোট প্রার্থনা করছেন, তারা নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন করছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির ৬০ জন নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রচারণা শুরুর আগেই যারা ‘লেভেল প্লেইং ফিল্ড’ বা সমান সুযোগ নেই বলে অভিযোগ তুলছেন, তাদের দাবির কোনো যৌক্তিকতা নেই বলে উল্লেখ করেন সেলিমা রহমান। 

তিনি বলেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই নেতিবাচক মন্তব্য করা সঠিক নয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের

বিএনপি কেন জনগণের পছন্দের শীর্ষে—তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রাম করেছে। আর এই কারণেই দেশের মানুষ বিএনপির ওপর পূর্ণ আস্থা রাখছে।

তবে অর্জিত সাফল্যে আত্মতুষ্টির সুযোগ নেই উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করেন এই জ্যেষ্ঠ নেত্রী। 

তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি দেশ গড়ার সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তবে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।

আসন্ন নির্বাচনে সারাদেশে ধানের শীষের প্রার্থীদের জয় নিশ্চিত করতে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব স্তরের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান সেলিমা রহমান।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেখানে নবাগতদের ফুলের শুভেচ্ছা দিয়ে দলে বরণ করে নেওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়