News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ জানুয়ারি ২০২৬

কোটি টাকার সম্পদের মালিক তাহেরি, আয়ের উৎস ব্যাংক সুদ

কোটি টাকার সম্পদের মালিক তাহেরি, আয়ের উৎস ব্যাংক সুদ

আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে সম্পদের হলফনামা জমা দিয়েছেন।

হলফনামায় দেখা যায়, তাহেরীর স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। এমনকি স্ত্রীর নামে কোনো স্বর্ণালংকার কিংবা নগদ অর্থও দেখানো হয়নি।

হলফনামা অনুযায়ী, তাহেরীর অস্থাবর সম্পদের মধ্যে কৃষি খাত থেকে তার বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা। ব্যবসা থেকে আয় ৭ লাখ ৯১ হাজার টাকা এবং ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। এছাড়া তার কাছে ৩১ ভরি স্বর্ণ, যার মূল্য প্রায় ৬ লাখ টাকা, এবং ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।

স্থাবর সম্পত্তির মধ্যে তাহেরীর নামে কৃষিজমি রয়েছে, যার মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা। তবে তার স্ত্রী বা নির্ভরশীলদের কারও নামে কোনো জমি, স্বর্ণ, আসবাবপত্র বা নগদ অর্থ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তাহেরীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তাহেরীর স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রাম। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি রয়েছে। সে সূত্রেই তিনি হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: চয়াডাঙ্গায় বিএনপি নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের

এছাড়া তাহেরীর বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব মামলা দায়ের করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়