News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৪, ১৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৫৭, ১৩ জানুয়ারি ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে নির্যাতনের ঘটনায় বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ ঘটনায় সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেকোনো অপরাধের বিচার বিচারিক আদালতের মাধ্যমে হবে—এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু অস্ত্র উদ্ধারের নামে কাউকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করা কখনোই সমর্থনযোগ্য নয়।

এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে মির্জা ফখরুল বলেন, তিনি এই পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন: ‘দেশবিরোধী শক্তির নির্বাচন বানচালের চক্রান্তে পা দেবে না বিএনপি’

শোকবিবৃতিতে তিনি শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়