News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০৮, ১২ জানুয়ারি ২০২৬

‘দেশবিরোধী শক্তির নির্বাচন বানচালের চক্রান্তে পা দেবে না বিএনপি’

‘দেশবিরোধী শক্তির নির্বাচন বানচালের চক্রান্তে পা দেবে না বিএনপি’

ছবি: সংগৃহীত

যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে আগামী নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তবে বিএনপি কোনো ধরনের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া ও শোকসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস তার বক্তব্যে অভিযোগ করেন, একটি বিশেষ মহল নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। 

তিনি বলেন, কথিত একটি রাজনৈতিক দল, যারা কোনোদিনই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে ছিল না, তারাই মূলত নির্বাচন বাধাগ্রস্ত করতে খুন ও সহিংসতাসহ নানা ইস্যু তৈরির চেষ্টা করছে। জনগণের পালস বুঝতে পেরে এবং জামানত বাজেয়াপ্তের ভয়ে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। নেতাকর্মীদের এই অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।

বেগম খালেদা জিয়ার প্রতি দেশবাসীর কৃতজ্ঞতার কথা স্মরণ করে মির্জা আব্বাস বলেন, আজ আমরা যে কথা বলতে পারছি বা নির্বাচনের সুযোগ পাচ্ছি, তা দেশনেত্রীর ত্যাগেরই ফল। তিনি নিজের জীবনের বিনিময়ে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করেছেন। 

বারডেম কর্মকর্তা-কর্মচারী ঐক্যপরিষদের আয়োজনে এই খতমে কোরআন ও দোয়া মাহফিলে তিনি বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

আরও পড়ুন: নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

বাংলাদেশ ব্যাংকে তার সাম্প্রতিক সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আলোচনার কড়া সমালোচনা করেন মির্জা আব্বাস। 

তিনি স্পষ্ট করেন যে, তিনি ১১টি কার্ড নিয়ে যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন। অথচ বিষয়টি বিকৃতভাবে প্রচার করা হচ্ছে যেন শুধু তার এলাকাতেই নির্বাচন হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কিছু বললেই তা ‘টুইস্ট’ করে ছড়িয়ে দেওয়া হয়। একটি পক্ষ বিপুল অর্থ ব্যয় করে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে যাতে আমাকে রাজনৈতিকভাবে ব্যর্থ করা যায়। 

কেবল লাইক বা শেয়ার না দিয়ে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তিসঙ্গতভাবে লিখে এসব অপপ্রচারের জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা-৮ আসনে তার প্রতিদ্বন্দ্বী, ১২ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে মির্জা আব্বাস তাকে একজন 'অপরিণক্ক' ব্যক্তি হিসেবে অভিহিত করেন। 

তিনি মন্তব্য করেন যে, এমন লোক সংসদে গেলে দেশের কী হবে তা একমাত্র আল্লাহই জানেন।

এদিকে, মির্জা আব্বাসের বাংলাদেশ ব্যাংক সফর প্রসঙ্গে ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রয়োজনীয় কাজে যে কেউ ব্যাংকে আসতে পারেন। তবে একসাথে অনেক লোক নিয়ে আসা সমীচীন হয়নি বলে তিনি মন্তব্য করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়