শাহজালাল মাজার থেকেই ভোটের প্রচার শুরু করবেন তারেক রহমান
ছবি: সংগৃহীত
দীর্ঘ দেড় যুগের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর এবার নির্বাচনী লড়াইয়ে নামছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দীর্ঘদিনের ঐতিহ্য মেনে পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনেই সিলেট সফর করবেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং পরে খাদিমনগরে হযরত শাহ পরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়েই চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী জানান, দুই মাজার জিয়ারতের পর সকাল ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রায় দুই যুগ পর তারেক রহমান সিলেট আসছেন; এজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিলেটবাসী।
ফেরার পথে তারেক রহমান সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন নির্বাচনী এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেবেন। এসময় মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করার কথা রয়েছে।
আরও পড়ুন: মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা মতবিভেদ পর্যায়ে না: তারেক রহমান
তবে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সিলেট সফরের পুরো কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি; চূড়ান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো হবে।
ঐতিহাসিকভাবে, বিএনপি প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে সিলেট থেকেই প্রচারাভিযান শুরু করেছিলেন জিয়াউর রহমান। ১৯৯১ সাল থেকে পরবর্তী সব নির্বাচনে সিলেটে প্রচার শুরু করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছেন। সর্বশেষ ২০০৫ সালে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দলের একটি প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে এসেছিলেন তিনি।
যুক্তরাজ্যে দেড় যুগ নির্বাসিত থাকার পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যান। এর ১০ দিনের মাথায় শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রার্থী হয়েছেন।
নির্বাচনী প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।
তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে। সিলেট সফরের অংশ হিসেবে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করবেন এবং সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন নির্বাচনী এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








