News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ৮ জানুয়ারি ২০২৬

নাসীরুদ্দীন ভোটে ব্যয় করবেন ২৭ লাখ টাকা, নিজে দেবেন ১ লাখ

নাসীরুদ্দীন ভোটে ব্যয় করবেন ২৭ লাখ টাকা, নিজে দেবেন ১ লাখ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মোহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। এর মধ্যে মাত্র এক লাখ টাকা নিজের পকেট থেকে দেবেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ এবং ‘ক্রাউড ফান্ডিং’ এর মাধ্যমে পাওয়া অর্থ থেকে বাকি ২৬ লাখ টাকা আসবে বলে তিনি ধরে নিয়েছেন।

নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে নির্বাচনি খরচের উৎস বলতে হয় প্রার্থীদের। ভোট শেষে কোন কোন খাতে কত খরচ হলো তাও জানাতে হয়।

হালানাগদ করা আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) বলা রয়েছে-নিবন্ধিত দল কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান নিতে পারবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার হলফনামায় পেশার ঘরে লিখেছেন ‘মার্কেটিং কলসালট্যান্ট’; আগে চাকরিও করতেন বলে জানিয়েছেন।

পরামর্শক হিসেবে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ২০ হাজার টাকা, আর চাকরি থেকে ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা। মোট বার্ষিক আয় চার লাখ ৪৭ হাজার টাকা।

ঘোষিত হিসাব অনুযায়ী, এই এনসিপি নেতার হাতে নগদ ২৫ লাখ টাকা রয়েছে। বিভিন্ন ব্যাংকে তিনটি হিসাব রয়েছে। এর মধ্যে একটিতে ৮ হাজার ২৭৫ টাকা, আরেকটিতে ৯ হাজার ৭১২ টাকা ও অন্যটিতে কোনো অর্থ নেই।

মুসাব্বির হত্যায় পতিত ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের অভিযোগ সালাহউদ্দিন

নিজের ১০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১২ লাখ টাকার স্বর্ণের গহনা ও মূল্যবান ধাতুর থাকার কথা তিনি হলফনামায় লিখেছেন। মোট সম্পদ দেখিয়েছেন ৩৬ লাখ ৫৭ হাজার টাকার।

এর বাইরে নিজের ও স্ত্রীর নামে জমি, ফ্ল্যাট, ভবন, বাণিজ্যিক জায়গার মত কোনো ধরনের স্থাবর সম্পত্তি নেই বলে তিনি তথ্য দিয়েছেন।

ঋণ না থাকা ৩০ বছরের তরুণ নাসীরুদ্দীন পাটওয়ারী এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। 

ঢাকা-৮ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৬৮ জন। নির্বাচনি আইন অনুযায়ী, ভোটারপ্রতি ১০ টাকা হিসেবে এ আসনের একজন প্রার্থী সর্বোচ্চ ২৭ লাখ ৫৪ হাজার ৬৮০ টাকা ব্যয় করতে পারবেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়