চার দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান
তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফরসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা সফর করবেন।
বুধবার (৭ জানুয়ারি) তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বাংলাদেশ নির্বাচন কমিশনের জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না। এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে আবেদন করেছে বিএনপি।
সফরের প্রথম দিন ১১ জানুয়ারি, ঢাকায় কর্মসূচি শেষে তারেক রহমান গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন।
১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচি রয়েছে।
১৩ জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন তিনি।
আরও পড়ুন: ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ায় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।
এ ছাড়া সফরকালে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ জুলাই গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








