News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৭ জানুয়ারি ২০২৬

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ চারজন এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতে প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির আয়োজনে আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে তার ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর কথা রয়েছে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য। সাজানো হচ্ছে কর্মসূচির ভেন্যু এবং জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। একই সঙ্গে শীর্ষ এই নেতার আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দলের সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিতেই এই সফরে আসছেন তারেক রহমান। সফরের প্রথম দিন সোমবার (১২ জানুয়ারি) রাতে তিনি শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে রাত্রিযাপন করবেন।

পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দেবেন। দোয়া মাহফিল শেষে তিনি পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী গণমাধ্যমকে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে আসছেন। তিনি সড়কপথে আসবেন বলে নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। রাতে বুরো বাংলাদেশ গেস্ট হাউসে অবস্থান করবেন। পরদিন সকালে শহীদদের কবর জিয়ারত শেষে বড় মাঠে দোয়া মাহফিলে অংশ নেবেন।

তিনি আরও বলেন, চার শহীদের কবর ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায় তিনি শহীদ আল মামুনের কবরে শ্রদ্ধা জানাবেন। এরপর দোয়া মাহফিলে প্রায় এক ঘণ্টা সময় দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন।

পয়গাম আলী জানান, নেতার আগমন উপলক্ষে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। এর আগে ২০০৩ সালে শীতকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তিনি সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন।

জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের দায় এখনো শেষ হয়নি। তারেক রহমানের আগমন সেই দায় আমাদের নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদদের কবর জিয়ারত ও দেশনেত্রীর স্মরণসভায় তার উপস্থিতি প্রমাণ করে—বিএনপি কখনো ত্যাগ ও ইতিহাস ভুলে যায় না।

এদিকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়