News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৩, ৬ জানুয়ারি ২০২৬

ভারতের সেবাদাস হয়ে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন

ভারতের সেবাদাস হয়ে গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ: সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রকৃতপক্ষে একটি 'ভারতীয় দল' এবং 'ভারতের সেবাদাস' হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবার সবসময়ই এ দেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার হরণ করে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাদা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পহরচাদা ইউনিয়ন বিএনপি এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সালাহউদ্দিন আহমদ তার বক্তব্যে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন ও অতীত শাসন ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দীর্ঘ ১৫-১৬ বছর দেশে একনায়কতান্ত্রিক শাসন চালিয়েছেন। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং নয় বছরের সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। জনগণের দাবির প্রেক্ষিতে তিনি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাও চালু করেছিলেন।

আরও পড়ুন: ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গণমানুষের প্রত্যাশা: সালাহউদ্দিন আহমেদ

আওয়ামী লীগকে ইসলামবিদ্বেষী সরকার হিসেবে আখ্যায়িত করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এই শক্তি কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান করেনি। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছে এবং আলেম সমাজের ওপর চরম দমন-পীড়ন চালিয়েছে। বিশেষ করে শাপলা চত্বরে রাতের অন্ধকারে নিরীহ মাদরাসা শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়ে তারা এ দেশের গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। বহু আলেমকে কারান্তরীণ করার মধ্য দিয়ে তারা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোকে ধূলিসাৎ করেছে বলে তিনি অভিযোগ করেন।

ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে এবং তারা পরাজিত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন সময় এসেছে একটি শক্তিশালী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। এ দেশের মানুষ এমন একটি রাষ্ট্র চায় যেখানে আইনের শাসন থাকবে, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে এবং মানুষের ভোটাধিকার সুরক্ষিত থাকবে।

পহরচাদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পহরচাদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার এবং উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সালাহউদ্দিন আহমদের প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়