News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ৫ জানুয়ারি ২০২৬

‘একাত্তরই আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধ বাদ দিলে অস্তিত্ব থাকবে না’

‘একাত্তরই আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধ বাদ দিলে অস্তিত্ব থাকবে না’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তিমূল আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না। সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে মিলে দেশকে এগিয়ে নিতে হবে।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের (গণতান্ত্রিক যুক্তফ্রন্ট) শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা গুলশান কার্যালয়ে পৌঁছান। সেখানে তাঁরা বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে তারেক রহমান জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে হবে। তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন।

আরও পড়ুন: তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

জবাবে বাম জোটের নেতারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই বাংলাদেশের মূল ভিত্তি। একই সঙ্গে ১৯৯০ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই এখন দেশ পরিচালনার লক্ষ্য হওয়া প্রয়োজন। 

নেতারা আহ্বান জানান, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন আর কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৈঠক শেষে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সুযোগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ স্বাধীনতা নিয়ে ব্যবসা করেছে। আমরা তারেক রহমানকে বলেছি, আগামীতে মুক্তিযুদ্ধবিরোধীরা যাতে রাজনৈতিকভাবে কোনো ভূমিকা রাখতে না পারে। তিনি (তারেক রহমান) একমত পোষণ করেছেন যে, সরকার ও বিরোধী দল সবাই মিলে দেশ গড়ে তোলা সম্ভব।

মতবিনিময় সভায় বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম (সাবেক সভাপতি, সিপিবি), আবদুল্লাহ আল ক্বাফী রতন (সাধারণ সম্পাদক, সিপিবি), বজলুর রশীদ ফিরোজ (সাধারণ সম্পাদক, বাসদ ও জোট সমন্বয়ক), কাজী সাজ্জাদ জহির চন্দন, রাজেকুজ্জামান রতন ও শরীফ নুরুল আম্বিয়া। নাজমুল হক প্রধান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ), ডা. মুশতাক হোসেন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু এবং আব্দুল আলীসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, গত ৩০ সেপ্টেম্বর থেকে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন কমরেড বজলুর রশীদ ফিরোজ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়