News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:০৮, ৫ জানুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

ছবি: সংগৃহীত

ব্যবসায়ীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ  বৈঠক করেন।

বৈঠকে ব্যবসায়ীরা আমলাতন্ত্রের জটিলতা, চাঁদাবাজি, ব্যাংক সুদের হার এবং দুর্নীতির মতো সমস্যার কথা তুলে ধরেন। তারেক রহমানও তাদের কথা শুনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়িক প্রতিবন্ধকতাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বৈঠকে সব ধরনের ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা দেশের ব্যবসার সমস্যা তুলে ধরেছেন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায়ীরা তাদের সমস্যার সমাধান চাচ্ছেন। তারেক রহমানও তাদের প্রতিশ্রুতি দিয়েছেন।”

তিনি আরও বলেন, “দেশের ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার কারণে বিনিয়োগ হচ্ছে না এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আমলাতন্ত্রের জটিলতা, চাঁদাবাজি, ব্যাংক সুদের হার ও দুর্নীতির কারণে ব্যবসার কষ্ট বাড়ছে। এসব সমস্যার প্রভাব সরাসরি জনগণের ওপর পড়ছে। যখন ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না, তখন বিদেশিরাও বিনিয়োগে অনিচ্ছুক।।”

আমীর খসরু বলেন, “বিএনপি ইতোমধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগবান্ধব নীতিমালা প্রণয়ন করেছে। এগুলো কীভাবে বাস্তবায়ন হবে, তা ব্যবসায়ীদের সামনে তুলে ধরা হয়েছে। বিএনপি একটি ব্যবসাবান্ধব রাজনৈতিক দল এবং বড় ধরনের যে সংস্কার প্রয়োজন, তা বাস্তবায়নে নীতিমালাগতভাবে প্রস্তুত।”

আরও পড়ুন: দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান

তিনি আরও উল্লেখ করেন, “বিএনপির শাসনামলে শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়নি, ব্যাংক লুটপাট হয়নি এবং অর্থপাচারের ঘটনা ঘটেনি। এজন্য ব্যবসায়ীরা আশা করছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়