News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৬, ৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৬, ৪ জানুয়ারি ২০২৬

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল

ছবি: সংগৃহীত

দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মাহদী আমিন এবং প্রধান সমন্বয়ক হিসেবে থাকবেন ইসমাইল জবিউল্লাহ।

রবিবার (৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির পক্ষ থেকে কোনো সরকারি দপ্তরে ফোন দিয়ে কারও মনোনয়নপত্র বাতিলের বিষয়ে কোনো কথা বলা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত যেসব খবর ছড়িয়েছে, সেগুলোর সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়মিতভাবে কাজ করবে। আজকের বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে- প্রার্থীদের কীভাবে সহযোগিতা করা হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলের ভূমিকা কী হবে, সেসব বিষয়ে মতবিনিময় হয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, দ্রুত নির্বাচনের দাবি বিএনপি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। এই দাবি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিদায় হলেও এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, এই নির্বাচন বিএনপির দীর্ঘ আন্দোলনের ফল। দেশের মানুষ বহু বছর ধরে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করার সুযোগ পায়নি। এবার তারা ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী ও সরকার বেছে নিতে পারবে -এমনটাই বিএনপির প্রত্যাশা। সে লক্ষ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কাজ করছে।

আরও পড়ুন: জনগণের প্রতি আমার গভীর অভিবাদন: তারেক রহমান

নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, আইনি বাধা বা স্বেচ্ছায় কেউ নির্বাচনে অংশ না নিলে সে বিষয়ে কিছু বলার নেই। তবে ইচ্ছাকৃতভাবে কাউকে বাইরে রেখে নির্বাচন আয়োজনের চেষ্টা হলে তা গ্রহণযোগ্য হবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়