News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ২ জানুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার এবং চার দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল ৩ জানুয়ারি (শনিবার) থেকে ৬ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত দেশব্যাপী ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে সংগঠনটি। একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ চার্জশিট দাখিলের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) জুমার নামাজ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখলে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।

সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারা সরকারের সদিচ্ছার অভাব। আমরা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এই সময়ের মধ্যে সব অপরাধীকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করতে হবে।

আরও পড়ুন: আবারও শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ

তিনি আরও সতর্ক করে বলেন, শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দিলে তা গ্রহণযোগ্য হবে না। এর পেছনে থাকা পরিকল্পনাকারী ও সহায়তাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের মতো কঠোর ও সর্বাত্মক আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

নতুন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ দিন দেশের সকল ‘বাংলাদেশপন্থী’ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইনকিলাব মঞ্চ। 

জাবের বলেন, আমরা তাদেরকেই ক্ষমতায় নিয়ে আসবো যারা দিল্লির কাছে দেশ বর্গা দেবে না এবং ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করবে। আগামী ২০ জানুয়ারির মধ্যে বিচার কার্যক্রমের একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে চাই আমরা।

নেতৃবৃন্দ মনে করেন, বিচার প্রক্রিয়া বিলম্বিত করার মাধ্যমে অপরাধীদের রক্ষা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে জনমত গঠন ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিশ্চিত করতেই তারা রাজপথে আন্দোলনের পাশাপাশি আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়