‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়’
ছবি: সংগৃহীত
নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান জাতীয় সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সফরের অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে নগরীর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোলা সফরে যাওয়ার আগে সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং পরে তিনি ভোলার উদ্দেশ্যে রওনা দেন।
স্পিকার বলেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং এই সংসদ দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে।
তার ভাষায়, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় এবং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
আরও পড়ুন: রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যক্রম চলছে: আইনমন্ত্রী
তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই ধারাবাহিকতায় দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান সামাজিক প্রবণতা তুলে ধরে স্পিকার বলেন, পড়াশোনা ও খেলাধুলার তুলনায় এখন মানুষের রাজনীতির প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তবে তিনি এটিকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। অতীতে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র ও যুবসমাজ যেভাবে রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, সেই প্রেক্ষাপটে রাজনীতি মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্রের প্রতি মানুষের ঐকান্তিক আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং এ প্রবণতাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নও গণতান্ত্রিক কাঠামোর মাধ্যমেই টেকসইভাবে অর্জন সম্ভব বলে তিনি মত দেন।
সফরের এক পর্যায়ে বরিশালে শৈশবের স্মৃতিও স্মরণ করেন স্পিকার।
নিউজবাংলাদেশ.কম/পলি








