News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৯, ১৬ এপ্রিল ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যক্রম চলছে: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কার্যক্রম চলছে: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার অত্যন্ত সচেতন এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আইনমন্ত্রী সরকারের এই দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা যাচাই-বাছাই ও প্রত্যাহারের সুপারিশের জন্য সরকার ইতোমধ্যে একটি দ্বিস্তরীয় কাঠামো গঠন করেছে। এর অংশ হিসেবে ৫ মার্চ জেলা প্রশাসকের সমন্বয়ে চার সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়, যা এসব মামলার প্রাথমিক যাচাই-বাছাই করে সুপারিশ প্রদান করছে। পরবর্তীতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়, যা জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে।

আরও পড়ুন: হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

তিনি জানান, এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের মামলা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।

বর্তমান প্রক্রিয়ায় সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিষয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করা হলে তা জেলা ও কেন্দ্রীয় কমিটি উভয় পর্যায়ে পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক হিসেবে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। প্রয়োজনে হত্যা মামলাও এ প্রক্রিয়ায় বিবেচনায় আসতে পারে বলে লিখিত জবাবে উল্লেখ করা হয়।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের প্রতিকার দিতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়