News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৭, ১৬ এপ্রিল ২০২৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের হাতে স্বাধীনতা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী

ছবি: নিউজবাংলাদেশ

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আজ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মনোনীতদের হাতে এই পদক তুলে দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বছর স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে (মরণোত্তর) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তাঁর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট নাগরিককে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

বেগম খালেদা জিয়া ছাড়াও ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য সাবেক সচিব ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জহুরুল করিম এবং সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।

আরও পড়ুন: টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং প্রখ্যাত সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর) এ বছর এই সম্মাননা পাচ্ছেন। ক্রীড়া ক্ষেত্রে দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে (মরণোত্তর) এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে। এছাড়াও তালিকায় রয়েছেন সমাজসেবক মো. সাইদুল হক, অকালপ্রয়াত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর) এবং পরিবেশ সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)। গবেষণা ও প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে এ বছর ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এছাড়াও সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, ‘স্বাধীনতা পুরস্কার’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় জীবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এই সম্মাননা প্রদান করে আসছে। প্রতিটি পুরস্কারের সঙ্গে বিজয়ীদের ৫ লাখ টাকা নগদ অর্থ, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের একটি স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট নাগরিক ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়