News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ১৫ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকার নতুন নির্দেশনা দিয়েছে। মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন পরিহারের কথাও বলা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি কার্যক্রম যেন নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালিত হয়, সে বিষয়টি গুরুত্ব দিতে হবে।

এতে আরও বলা হয়, মন্ত্রণালয় বা বিভাগ আয়োজিত বিভিন্ন কর্মসূচি- যেমন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে—মাঠপর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণ ভার্চুয়ালি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের ওপর চেপেছে: প্রধানমন্ত্রী

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে যানবাহনের ব্যবহার কমাতে একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি সভা আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়