News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৪, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:১৪, ১৪ এপ্রিল ২০২৬

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের ওপর চেপেছে: প্রধানমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের ওপর চেপেছে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিতাড়িত স্বৈরাচারের ভূত বর্তমান বিরোধীদলের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগে বাধা সৃষ্টি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও পরবর্তী সময়ে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের আমন্ত্রণে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী নবীন প্রজন্মের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন। 

এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন সরকার গঠন করেছিলেন, তৎকালীন বিরোধী দল বলেছিল বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। অত্যন্ত পরিতাপের বিষয় যে, বর্তমানে যারা বিরোধী দলে বসছে, তারাও একই পথ অনুসরণ শুরু করেছে। মূলত স্বৈরাচারের ভূত এদের ওপর আছর করেছে, যার ফলে তারা জনকল্যাণমূলক কাজে বাধা দিচ্ছে। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তারা জনগণের অজানা নয়।

দেশের সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় যখন এই সনদের ডাক দেওয়া হয়েছিল, বিএনপিই প্রথম সেখানে গিয়ে সই করেছিল। অথচ বর্তমান বিরোধী দলসহ কিছু দল তখন সই করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল এবং কেউ কেউ নির্বাচনের পর তড়িঘড়ি করে সই করেছে। 

আরও পড়ুন: টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন, যে জুলাই সনদে বিএনপি সই করেছে, তার প্রত্যেকটি অক্ষর, শব্দ এবং লাইন আমরা বাস্তবায়ন করব। এর কোনো নড়চড় হবে না।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর প্রায় ৮৫ শতাংশই বিএনপির দেওয়া রূপরেখার সাথে মিলে যায়। 

তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে বেগম খালেদা জিয়া প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছিলেন এবং ২০২৩ সালে আন্দোলনের সময় তা পূর্ণাঙ্গ রূপ পায়। 

জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং পেশাদার খেলোয়াড় তৈরির উদ্যোগে যদি কেউ বাধা প্রদান করে, তবে জনগণকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, উপনির্বাচন হওয়া এলাকাগুলোতে পরিস্থিতি শান্ত থাকলেও বায়তুল মোকাররমসহ কিছু জায়গায় পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে। গণতন্ত্রে মতভেদ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, যেকোনো দ্বিমত আলোচনার মাধ্যমেই নিরসন করতে হবে। 

পরিশেষে দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশই আমাদের একমাত্র ঠিকানা। এই দেশ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। তাই সকলকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এই দেশকে একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তর করব।

এর আগে প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই মহান নেতার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়