টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃষক কার্ড কর্মসূচির যাত্রা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী দিনে টাঙ্গাইলের ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় কৃষক কার্ড।
সমাবেশস্থলে ডিজিটাল মাধ্যমে বাটন টিপে কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। এরপর সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা পৌঁছে যায়।
ডিজিটাল উদ্বোধনের পর ১৫ জন কৃষকের হাতে কার্ড ও গাছের চারা তুলে দেন তিনি।
এর আগে গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষক কার্ডের মাধ্যমে চাষিরা বছরে আড়াই হাজার টাকা প্রণোদনা পাবেন। প্রি-পাইলটিং পর্যায়ে দেশের ১০ জেলার ২২ হাজার ৬৫ জন কৃষক, মৎস্যজীবী, খামারি ও লবণ চাষি এ সুবিধার আওতায় থাকবেন।
আরও পড়ুন: ‘কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী
কৃষক কার্ডের মাধ্যমে মোট ১০ ধরনের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কম দামে যন্ত্রপাতি, সরকারি প্রণোদনা, আবহাওয়ার তথ্য, প্রশিক্ষণ, রোগ দমনের পরামর্শ, বীমা সুবিধা এবং ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








