News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:৫৮, ১৪ এপ্রিল ২০২৬

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বন্ধ ঘোষণা

ফাইল ছবি

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) অপরিশোধিত তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রুড অয়েল সংকটের কারণেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে জ্বালানি বিভাগ আশ্বস্ত করেছে যে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ইস্টার্ন রিফাইনারিতে শেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা।

ইআরএল কর্মকর্তাদের তথ্যমতে, সংকটের মধ্যে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন এবং ট্যাংকের ডেড স্টক অপরিশোধিত তেল ব্যবহার করে শেষ পর্যন্ত পরিশোধন কার্যক্রম চালানো হয়।

প্রতিষ্ঠানটি সাধারণত দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে। তবে সংকটের কারণে গত মাস থেকে উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামানো হয়েছিল। সর্বশেষ ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার একটি অংশ অপরিশোধিত তেল হিসেবে আসে ইআরএলে পরিশোধনের জন্য।

আরও পড়ুন: ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে যাবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজার ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ সময় ধরে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান আসার কথা রয়েছে। ততদিন পর্যন্ত রিফাইনারিটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়